তীব্র সংকটেও শিল্পে গ্যাসের সর্বনিম্ন দাম

১২/০৭/২০১৩ ০৯:২১:০০ PM |
তীব্র সংকটেও বাংলাদেশের শিল্প এশিয়ার মধ্যে সর্বনিম্ন দামে গ্যাস পাচ্ছে। পাশের দেশ ভারতেই এর দাম আট গুণ বেশি। অথচ এরই মধ্যে রিজার্ভের ৪০ শতাংশের বেশি গ্যাস উত্তোলন হয়ে গেছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হওয়ায় সংকট ক্রমেই তীব্র হচ্ছে। আমদানির দিকে নজর দিতে শুরু করেছে সরকার।

এদিকে রফতানি খাতে বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতার অজুহাতে সস্তা শ্রমের পাশাপাশি সস্তা জ্বালানি ব্যবহার করে উদ্যোক্তারা সম্পদের পাহাড় গড়লেও প্রতিনিয়ত চাপে পড়ছে সরকার। গত বছর গ্যাসের দাম এক দফা বাড়ানোর প্রস্তাব উঠলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ২০১৫ সালের পর থেকে গ্যাসের চাপ কমতে শুরু করবে। তাই গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দাম বাড়ানোর বিষয়টি এখন জরুরি। সরকার আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো থেকে প্রতি ইউনিট (হাজার ঘনফুট) গ্যাস কেনে গড়ে ৩ মার্কিন ডলারে। অথচ শিল্পে তা সরবরাহ হয় ইউনিটপ্রতি ২ দশমিক ১৯ ডলার দামে। অন্যান্য খাতেও দামের একই অবস্থা।
সম্প্রতি ‘এনার্জি পলিসি অপশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে শিল্পে ব্যবহূত গ্যাসের দামের তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়। সিঙ্গাপুরে শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ২ হাজার ৬৬৭ টাকা ১৬ পয়সা। ভারতে তা ১ হাজার ৩৭৭ টাকা ৮৯ পয়সা, থাইল্যান্ডে ৪৬৯ টাকা ৩৮ পয়সা, ইন্দোনেশিয়ায় ৪৫২ টাকা ২৩ পয়সা, মালয়েশিয়ায় ৩৮৭ টাকা ৮৪ পয়সা ও পাকিস্তানে প্রায় ৩৭৭ টাকা ৯৯ পয়সা আর বাংলাদেশে মাত্র ১৬৫ টাকা ৯৪ পয়সা। সর্বশেষ দাম বাড়ানোর প্রস্তাবে এটি ২২০ টাকা করার কথা বলেছে পেট্রোবাংলা। এ প্রস্তাব অনুমোদিত হলেও দাম সর্বনিম্ন পর্যায়েই থাকবে।
অন্যান্য জ্বালানির দামের সঙ্গেও তুলনা করা হয়েছে এডিবির ওই প্রতিবেদনে। প্রতি ইউনিট গ্যাসের সমপরিমাণ শক্তি উৎপাদনে ২৬ দশমিক ২৮ লিটার ফার্নেস অয়েল প্রয়োজন। এ পরিমাণ তেলের দাম ১ হাজার ৫৭৭ টাকা। একই হিসাবে ২৬ দশমিক ৭৭ লিটার ডিজেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬৩৩ টাকা।
দাম কম থাকায় শিল্পে ব্যবহারের পাশাপাশি বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শিল্পে ব্যবহূত বিভিন্ন যন্ত্রাংশের দক্ষতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। দাম বেশি হলে কারখানার উদ্যোক্তারা গ্যাস ব্যবহারে সচেতন ও দক্ষ হয়ে উঠবেন। কারণ জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ না নেয়ায় কারখানায় ব্যবহূত পুরনো বয়লার ও ক্যাপটিভ বিদ্যুেকন্দ্রে প্রতিদিন সরবরাহকৃত গ্যাসের প্রায় ২৪ শতাংশ অপচয় হয়। আবার শিল্পে বয়লারের চেয়ে ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহূত গ্যাসের দাম আরো কম। বর্তমানে ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১৮ টাকা ২৬ পয়সা।
শিল্প-কারখানায় বয়লারের জন্য প্রতিদিন সরবরাহ করা হচ্ছে মোট উৎপাদনের ১৭ শতাংশ গ্যাস, যার পরিমাণ ৩৭ কোটি ৪০ লাখ ঘনফুট। এর মধ্যে অপচয় হয় ৩ কোটি ৫৬ লাখ ঘনফুট। আর শিল্পের জন্য অনুমোদিত ক্যাপটিভ বিদ্যুেকন্দ্রে প্রতিদিন সরবরাহ করা হয় ১৬ শতাংশ, যার পরিমাণ ৩৫ কোটি ২০ লাখ ঘনফুট। এক্ষেত্রে অপচয় হয় ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস অর্থাৎ শিল্পে সরবরাহকৃত ৭২ কোটি ৬০ লাখ ঘনফুটের মধ্যে অপচয় হচ্ছে ১৭ কোটি ২৬ লাখ ঘনফুট গ্যাস।
এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বণিক বার্তাকে বলেন, শুধু শিল্পে নয়, সব ক্ষেত্রেই গ্যাসের দাম অনেক কম। শিল্পে গ্যাস অপচয়ের অন্যতম প্রধান কারণ স্বল্পমূল্য। তার পরও গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে আনা হচ্ছে না। ভোটের রাজনীতির কারণে দলগুলো এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। তবে টিকে থাকতে হলে অবশ্যই দাম বাড়াতে হবে।
সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্যাসের দাম ১১ দশমিক ২২ শতাংশ বাড়িয়েছিল। এছাড়া ২০১১ সালে দুই দফায় সিএনজির দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৩০ টাকা করা হয়। গত বছরের ২০ মে সব ধরনের গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব করে পেট্রোবাংলা। বিতরণ কোম্পানির পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়ার আহ্বান জানায় বিইআরসি। ডিসেম্বরে গণশুনানির দিনও ধার্য করা হয়।
নির্ধারিত সময়ে বিতরণ কোম্পানি প্রস্তাব জমা না দেয়ায় থমকে যায় মূল্যবৃদ্ধির বিষয়টি। এরপর গত এক বছরে এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেই।
এ ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, সামগ্রিক দিক বিবেচনা করেই নিম্নমূল্যে গ্যাস সরবরাহ করা হয়। আপাতত দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই।
প্রসঙ্গত, সারা দেশে আবাসিক গ্রাহক গ্যাস ব্যবহার করেন মোট উৎপাদনের ১১ শতাংশ। শিল্পে ৩৩ শতাংশ (ক্যাপটিভ বিদ্যুত্সহ), বিদ্যুতে ৪২ শতাংশ, সিএনজিতে ৬ ও সার-কারখানায় ৭ শতাংশ গ্যাস ব্যবহূত হয়। বাকিটা যায় চা বাগান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে।

Read more…

বৃহস্পতিবার ব্যাংক খোলা

১১/১২/২০১৩ ১১:৫৮:০০ PM |
বাংলাদেশ ব্যাংকসহ  বৃহস্পতিবার খোলা থাকবেসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক পঞ্জিকায় (ক্যালেন্ডার) ১৪ নভেম্বর, বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ঘোষনা করা হলেও তা পরিবর্তন করে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 
আশুরা উপলক্ষ্যে শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বছরের শুরুতে ব্যাংকের ছুটির দিনগুলো নির্ধারণ করে একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) প্রকাশ করে থাকে। তাতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার আশুরা উপলক্ষ্যে ছুটি উল্লেখ করা হয়।
কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ১৫ নভেম্বর শুক্রবার আশুরা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের সার্কুলারে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার আশুরা উপলক্ষ্যে সকল তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। 
১৮৮১ সালের নেগোসিয়েবল ইনষ্ট্রুমেন্ট এ্যাক্ট এর ২৫ ধারা অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে।


Read more…

৫৩০০ টাকা ‘মেনে নিচ্ছে’ মালিকপক্ষ

১১/১২/২০১৩ ১১:৫৫:০০ PM |

বিজিএমইএর এই পরিচালক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাবার প্রক্রিয়া চলছে। তবে মালিকদের কিছু শর্তও থাকবে। ২০ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।”
গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের সভায় ভোটাভুটিতে ওই ন্যূনতম মজুরির প্রস্তাব পাস হওয়ার পর গার্মেন্ট মালিকদের প্রতিনিধিরা সভা ছেড়ে বেরিয়ে যান। 
পরে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের ওই অর্থ দেয়ার সামর্থ্য বাংলাদেশের পোশাক খাতের নেই।
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত এই বোর্ডে আরশাদ জামাল ছাড়াও মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসাবে রয়েছেন কাজী সাইফুদ্দীন আহমদ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধি হিসাবে রয়েছেন সিরাজুল ইসলাম ও ফজলুল হক।
সাবেক জেলা জজ এ কে রায়ের নেতৃত্বে এই বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দীন।
আরশাদ জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে কারখানা মালিকরা নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের জন্য কয়েক মাস সময় পেয়েছেন। এ বিষয়ে আমরা একটি অভিযোগপত্র জমা দেব।”
তবে সরকার ‘চাপ দিলে’ অবিলম্বে নতুন মজুরি কাঠামোর বাস্তবায়ন শুরু হতে পারে বলেও তিনি ইংগিত দেন।
কারখানা মালিকদের এই নেতা জানান, ন্যূনতম মজুরির ওই কাঠামো মেনে নেয়ার বিষয়টি ছাড়াও শ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) বিষয়টি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। 
তাছাড়া শ্রমিকদের ছুটির হিসাবও নতুন একটি কাঠামোয় আনার কথা ভাবা হচ্ছে বলে জানান বিজিএমইএর এই পরিচালক।
তিনি বলেন, “কিছু নির্দিষ্ট দিনে কারখানা চালু রাখা নিয়ে অনেক সময় মালিক-শ্রমিক বিরোধ দেখা দেয়। এ বিতর্কেরও অবসান ঘটানো হবে।”  
প্রস্তাবিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির মধ্যে মূল বেতন ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।
এছাড়া ১ হাজার ২৮০ টাকা বাড়ি ভাড়া, ৩২০ টাকা চিকিৎসা ভাতা, ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাদ্য ভর্তুকি বাবদ ৩০০ টাকা ধরা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব মেনে নেয়ার খবরে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যদি মেনে নেন তাহলে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাব। শ্রমিকরাও এ শিল্পের স্বার্থে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।”
বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিরা ৫ হাজার ৩০০ টাকার প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এখনো কিছু সংগঠন আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে  সিরাজুল ইসলাম বলেন, “মালিকপক্ষ প্রস্তাব মেনে নিলে একটি দুটি সংগঠন যারা এখনো আন্দোলনে আছে- তারাও তাদের অবস্থান থেকে সরে আসবে বলেই আমার বিশ্বাস।”
এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়।
সাধারণত ৫ বছর পর পর ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করার নিয়ম থাকলেও বাংলাদেশে কখনোই তা ঠিকভাবে অনুসরণ করা হয়নি।
প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুন এবং গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের প্রেক্ষিতে বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়া হয়।
এই প্রেক্ষাপটে গত জুনে পোশাক খাতের বেতন পুননির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ২৪ জুন এ বিষয়ে গেজেট জারি হয়।
Read more…

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নতুন কমার্শিয়াল পেপার

১০/০৮/২০১৩ ১০:০৮:০০ PM |
দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের জন্য কমার্শিয়াল পেপারের (সিপি) ব্যবস্থা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

পেপারগুলো এসিআই গ্রাহকদের অনুকূলে ইস্যু করা হয়েছে। সম্প্রতি, রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি।

এ ছাড়াও এতে উপস্থিত ছিলেন এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইবিএল এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মিডল্যান্ড ব্যাংকের এমডি এ কে এম শহিদুল হক, কনফিডেন্স স্টিল লিমিটেডের এমডি ইমরান করিম, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ওয়াকার এ. চৌধুরী, টেকনো ভেনচার লিমিটেডের পরিচালক মির্জা গোলাম ইরফান প্রমুখ।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি এসিআই-ইবিএল’র নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আর্থিক বাজারের উন্নয়নে কমার্শিয়াল পেপারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ রকম উদ্যোগ সংশ্লিষ্টদের বিকল্প খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলবে।’

আলী রেজা ইফতেখার জানান, ইবিএল দেশের আর্থিক বাজার উন্নয়নের স্বার্থে নতুন নতুন সেবা উদ্ভাবন প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাংলাদেশের আর্থিক বাজারে কমার্শিয়াল পেপার নতুন হলেও আর্থিক ইন্সট্রুমেন্ট হিসেবে বিশ্বব্যাপী অনেক আগেই বহুল প্রচলিত। 
Read more…

২০১২-১৩ অর্থবছরে পুঁজিবাজারে বিনিয়োগ হয়েছে ৬ কোটি কালো টাকা

৭/০৩/২০১৩ ০৮:১৬:০০ PM |
পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকা না থাকা একই কথা। কেননা, গত অর্থবছরে মাত্র ৬ কোটি কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে সাদা করা হয়েছে। এজন্য চলতি অর্থবছর পুঁজিবাজারে কালো টাকা সাদা করার বিষয়ে বিশেষ কোনো ছাড় দেয়া হয়নি। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জিত হলে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এটি আদায় করা কঠিন হলেও অসম্ভব নয়। এ সময় বেশ কিছু কৌশলের কথা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে রাজস্ব বোর্ডের প্রসার ঘটেছে। জনবল, অফিস বাড়ানো হয়েছে। গত এক বছরে ৮৫টি উপজেলায় আয়কর অফিস খোলা হয়েছে। ই-টিআইএন নম্বর চালু করা হয়েছে।

এবারের বাজেটে বেশ কিছু নতুনত্ব যোগ করা হয়েছে। ন্যূনতম কর ৩ হাজার টাকা ছিল। তা স্পষ্ট করা হয়েছে। গ্রামের মানুষের ন্যূনতম কর ১ হাজার টাকা করা হয়েছে। আয়কর রিটার্ন সহজ করা হয়েছে। অতিরিক্ত গাড়ির জন্য অতিরিক্ত কর ধার্য করা হয়েছে। 


সদ্য বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। তবে এখনও কিছু রাজস্ব আসবে। কিন্তু এরপরও ঘাটতি থেকে যাবে। তা অর্জন করা সম্ভব হবে না বলে এনবিআর চেয়ারম্যান জানান। 

সাময়িক হিসাব তুলে ধরে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, গেল অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। এর বিপরীতে এনবিআর আদায় করেছে ১ লাখ ৮ হাজার ২৯৯ কোটি টাকা। সে হিসাবে রাজস্ব ঘাটতির পরিমাণ ৪ হাজার ৩৫ কোটি টাকা। তবে নির্মাণ, যোগানদারসহ অন্যান্য মূসক সেবাখাত থেকে আরও হাজার কোটি টাকার রাজস্ব আসতে হবে। সে হিসাবেও রাজস্ব ঘাটতি থাকবে ৩ হাজার ৩৪ কোটি টাকা। এই টাকা আদায় করা সম্ভব নয়।

প্রসঙ্গত, চলতি বাজেটে ব্যক্তি শ্রেনীর করদাতাদের শেয়ার লেনদেন হতে অর্জিত আয়ের করমুক্ত সীমা বৃদ্ধি, শেয়ারের অভিহিত মূল্যের প্রিমিয়ামের ওপর আরোপিত কর প্রত্যাহার, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ১৫ শতাংশ কর অবকাশ ও বন্ড বিক্রির উপর আরোপিত উৎসে কর প্রত্যাহার এবং করমুক্ত আয়েরসীমা ৫ হাজার থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। একইসঙ্গে স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের পর কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।
Read more…

প্রবাসী আয়ে রেকর্ড

৭/০৩/২০১৩ ০৮:১৩:০০ PM |

সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থ বছরে প্রবাসীদের আয় নতুন রেকর্ড ছুঁয়েছে। যা স্বাধীনতার পর এ যাবতকালের সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সমাপ্ত ২০১২-১৩ অর্থ বছরে প্রবাসীরা মোট ১ হাজার ৪৪৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।  যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় সাড়ে বারো শতাংশ বেশি। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, সমাপ্ত বছরের জুলাই-জুন মেয়াদে প্রবাসী আয় নতুন মাত্রা পেয়েছে। যা স্বাধীনতার পর কোনো একক বছরের মধ্যে সবচেয়ে বেশি। 

জানা গেছে, এর আগে ২০১১-১২ অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিলো ১ হাজার ২৮৪ কোটি ডলার। তার আগে ২০১০-১১ অর্থ বছরে ছিল ১ হাজার ১৬৫ কোটি ডলার। তবে এপ্রিল মাস থেকে প্রবাসী আয় নেতিবাচক ধারায় রয়েছে। এপ্রিল থেকে জুন এ তিন মাসেই ধারবাহিক ভাবে প্রবাসী আয় কমেছে। 

সূত্র মতে, জুনে প্রবাসী বাংলাদেশিরা মোট ১০৫ কোটি ডলার দেশি পাঠিয়েছেন। এর আগে, মে মাসে এর পরিমাণ ছিলো ১০৮ কোটি ডলার, এপ্রিলে ১১৯ কোটি ডলার, মার্চে ১২২ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ১১৬ কোটি ডলার, জানুয়ারিতে ১৩২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। 

জানা গেছে, চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে দেশে আসে ১৩২ কোটি ডলার, নভেম্বর মাসে ১১০ কোটি ডলার।স্বাধীনতার পর একক মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে অক্টোবর মাসে। ওই মাসে মোট ১৪৫ কোটি ডলার প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। তার আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১১৭ কোটি ডলার এবং অর্থ বছরের প্রথম মাস ছিলো ১২০ কোটি ডলার।

এদিকে, প্রবাসী আয়ের সন্তোষজনক ধারায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাত্রা পেয়েছে। যা বর্তমানে দেড় হাজার কোটি ডলার। 

সূত্র মতে, আমাদের দেশে আমদানী ও রপ্তানী ব্যয়ে যে ঘাটতি থাকে তার জন্য সহায়ক হিসেবে কাজ করে প্রবাসী আয়। পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতি বছরই রপ্তানীর থেকে আমদানি বেশি হয়। সেই ঘাটতির অর্থায়নে যায় প্রবাসীদের অর্থ।
Read more…

জিএসপি স্থগিতের প্রভাব পুঁজিবাজারেও

৭/০১/২০১৩ ০১:৫০:০০ AM |
যুক্তরাষ্ট্রের দেয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি স্থগিতের প্রভাব পড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এই দুই বাজারেই লেনদেন কমেছে। কমেছে সবকটি মূল্যসূচকও। 


ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় ৭৫ কোটি ৯৩ লাখ টাকা কম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৮১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের (বৃহস্পতিবার) লেনদেনের চেয়ে ২০ কোটি ৭ লাখ টাকা কমেছে। 



ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১০৪ পয়েন্টে আর সাধারণ সূচক (পুরাতন) ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৫ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি কমেছে ১৬১টি আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ২২ লাখ টাকার।



ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কনফিডেন্স সিমেন্ট ও আফতাব অটোমোবাইলস।



চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮০৭০ পয়েন্টে। সিএসইতে মোট ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ১৯ লাখ টাকার।
Read more…

জিএসপি সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে জানালেন মজীনা

৬/২৯/২০১৩ ০২:০৭:০০ PM |
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সস) সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা এখনও আছে। তবে এ জন্য বাংলাদেশকে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। 
শুক্রবার রাজধানীর ইউনুস সেন্টারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মজীনা বলেন, “শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আবারও জিএসপি সুবিধা পেতে পারে।
জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য বাংলাদেশকে নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি রানা প্লাজা ও তাজরীনের মতো দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়েও সতর্ক করে দেন।

প্রসঙ্গত, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা একটি প্রক্লেইমেশন ইস্যু করে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ স্থগিতের কথা জানান।

দেশটির ১৯৭৪ সালে গৃহীত আইনের ৫০২ (ডি) (২) ধারা অনুযায়ী, বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) পাওয়ার উপযোগী নয় বলে সরাসরি উল্লেখ করা হয়েছে এ ঘোষণায়।
তবে জিএসপি স্থগিতের সিদ্ধান্ত প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে।
জিএসপি স্থগিতের এই কঠোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণে নতুন করে বাধা সৃষ্টি করতে পারে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
Read more…

বাংলাদেশের জিএসপি স্থগিত, ঘোষণা ওবামার

৬/২৯/২০১৩ ০১:৩৮:০০ PM |
বারাক ওবামা

বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা একটি প্রক্লেইমেশন ইস্যু করে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন। 

দেশটির ১৯৭৪ সালে গৃহীত আইনের ৫০২ (ডি) (২) ধারা অনুযায়ী বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে জেনেরালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) পাওয়ার উপযোগী নয় বলে সরাসরি উল্লেখ করা হয়েছে এই ঘোষণায়। ঘোষণার একটি কপি বাংলানিউজের হাতে পৌঁছায় স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায়। ঘোষণাটি এর কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউজের ওয়েবসাইটে দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট সূত্র। হোয়াইট হাউজের প্রেস অফিসের একজন কর্মকর্তাও বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর ওয়েব সাইটেও এই ঘোষণা বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলে জানায় অপর একটি সূত্র।

ঘোষণায় বারাক ওবামা স্পষ্টই বলেছেন, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত সম্পূর্ণ একটি সঠিক কাজ। কারণ এই উন্নয়নশীল দেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার বাস্তবায়নে উদ্যোগ নেয়নি এবং নিচ্ছেও না। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি যুক্তরাষ্ট্রের হার্মোনাইজড টেরিফ শিডিউল (এইচটিএস) এর ৪(এ) এবং ৪(বি)(ক) মডিফাই করাকেও যথার্থ মনে করছি।

হোয়াইট হাউজ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের জন্য এই ট্রেড সুবিধা ফিরে পেতে আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট সে অবস্থা ফিরে এসেছে দেখলে ফের এই সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র লরা ডি লুকাস বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকারের বিষয়গুলো সুরক্ষায় বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণেই প্রেসিডেন্ট বারাক ওবামা জিএসপি সুবিধা স্থগিত করলেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেসব ট্রাজেডি ঘটে গেছে তাতে গ্রামেন্টস খাতসহ বিভিন্ন খাতে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই সুবিধাটি যাতে আবারও বাংলাদেশকে দেওয়া যেতে পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও শ্রমমান বৃদ্ধিতে কাজ করবে বলেও জানান লরা ডি লুকাস। তিনি জানান, ২০১৩ সালের ডিসেম্বরেই আরেকবার বাংলাদেশে শ্রম মান ও শ্রমিক অধিকার পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে সুবিধাটি ফের বাংলাদেশকে দেওয়া যায় কি না।  

তবে বৃহস্পতিবারের ঘোষণায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, বাংলাদেশ তার শ্রমিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতে পারেনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির কার্যালয় থেকে পাঠানো ওই ঘোষণার ২ নং অনুচ্ছেদে বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট করে এই কথাগুলো বলেন বারাক ওবামা।

ঘোষণার এক নং অনুচ্ছেদে বলা হয়, কোনো দেশ জেনেরালাইজ সিস্টেম প্রিফারেন্সেস (জিএসপি)ভূক্ত হলে যদি সেই দেশ (দেশটির কোন নির্ধারিত জোনসহ) আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার না মানে কিংবা মানার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেয় তাহলে অ্যাক্ট ১৯৭৪ এর (১৯ ইউএসসি ২৪৬২ (ডি)(২) মোতাবেক আইনটির ৫০২ (এফ) (২) এর আবশ্যকিতার বিবেচনায় প্রেসিডেন্ট দেশটির জন্য ওই সুবিধা বাতিল অথবা স্থগিত করবেন। তবে কোনো দেশের জন্য সুবিধাটি স্থায়ীভাবে বাতিল করতে প্রেসিডেন্ট কংগ্রেসকে এবং সংশ্লিষ্ট দেশকে সিদ্ধান্তের অন্তত ৬০ দিন আগে তা জানাবেন। এরপর দুই নং অনুচ্ছেদে বাংলাদেশকে আইনের ৫০২ (ডি) ধারায় এই সুবিধার অযোগ্য বিবেচনা করে তার স্থগিতের ঘোষণা দেন বারাক ওবামা। তবে ১৪ অনুচ্ছেদবিশিষ্ট এই ঘোষণার ৭ম অনুচ্ছেদে বলা হয়েছে- অ্যাক্ট ১৯৭৪ এর (১৯ ইউএসসি ২৪৬৩ (ডি)(১) এর ৫০৩ (ডি)(১) অনুযায়ী প্রেসিডেন্ট নির্ধারিত কিছু শর্ত মানা হলে স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন। তবে তা একমাত্র তখনই করা হবে যখন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ট্রেড কমিশন এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করবে বলে মত দেবে।

আইনের বিভিন্ন ধারা এবং ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর, ১৯৯৭ সালের ৩০ জুন, ২০১২ সালের ১৪ মে এবং ২৯ জুনের প্রেসিডেন্ট প্রক্লেইমশনের সূত্র ধরে এগুলোর মধ্যে কিংছু সংযোজন বিয়োজন এনে প্রেসিডেন্ট বারাক ওবামা তার এই সবশেষ প্রক্লেইমেশনে বলেন- আমি বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেশের সংবিধানের ও ১৯৭৪ সালের আইনের ৬০৪ ধারায় দেওয়া ক্ষমতা বলে ঘোষণা করছি যে-

জিএসপি’র একটি সুবিধাভোগী দেশ হিসেবে বাংলাদেশের জন্য সুবিধাটি স্থগিত করা হলো; এর সাথে সাথে জিএসপি সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের করা স্বল্প-উন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হলো।

ফেডারেল রেজিস্ট্রারে এই ঘোষণা প্রকাশিত হওয়ার ৬০ দিনের মধ্যে এই উভয় সিদ্ধান্ত কার্যকর হবে।

গত এক বছর ধরে বাংলাদেশের শ্রম পরিস্থিতি পর্যালোচনা করে ওবামা প্রশাসন এ সিদ্ধান্ত নিলো বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। 

আমিনুল হত্যার ক্লু খুঁজে না পাওয়া, তাজরীনে আগুন, সবশেষ রানা প্লাজা ধরে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানি এই সিদ্ধান্তে পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানায় সূত্রটি। 

প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার পরপরই ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর ওয়েব সাইটে প্রকাশিত হয় এর প্রধান মাইকেল ফরম্যানের একটি বিবৃতি। এতে তিনে বলেন, আমাদের জিএসপি সুবিধার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শ্রমিক অধিকারের নিশ্চয়তা ও সুবিধাটি পাওয়ার যোগ্যতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মৌলিক শ্রমমানগুলো নিশ্চিত করতে উৎসাহ যুগিয়েছে। কিন্তু আমাদের এই উৎসাহ ও বিভিন্ন সময়ে জানানো উদ্বেগ সত্ত্বেও আমরা যথাযথ অগ্রগতি দেখি নি। সাম্প্রতিক কিছু ট্রাজেডিতে ১২শ’র বেশি শ্রমিকের প্রাণহানি আমাদের কাছে বাংলাদেশে শ্রমিক অধিকারের মানের বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছে। তবে আজ বাংলাদেশের বিষয়ে এমন একটি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিভাবে শ্রমিক অধিকারের পরিবেশ ভালো করা যায় সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার দেশটির সরকারের সঙ্গে নতুন করে আলোচনায় বসারও উদ্যোগ নিচ্ছে বলে জানান মাইকেল ফরম্যান। তিনি বলেন, বাংলাদেশকে যাতে জিএসপি সুবিধা আবারও দেওয়া যায় এবং রানা প্লাজা ধস, তাজরিন ফ্যাক্টরিতে আগুনের মতো ঘটনা যাতে প্রতিহত করা যায় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করবে। মাইকেল ফরম্যান আরও বলেন, সারা বিশ্বে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নিজস্ব বাণিজ্য নীতিতে গৃহীত মূল্যবোধ অক্ষুণœ রাখবে বারাক ওবামা প্রশাসন।  

তবে বাংলাদেশের অর্থনীতিবিদরা বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিকারকরা এই সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন। তারা বলছেন, এই বিশেষ বাণিজ্য সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে প্রায় পাঁচ হাজার পণ্য রফতানি করতে পারতো বাংলাদেশ। কিন্তু ওই সব পণ্যের বেশিরভাগই বাংলাদেশ তৈরি করে না। বাংলাদেশে বেশি পরিমাণে যে পণ্য তৈরি করে সেই তৈরি পোশাক রফতানিতে কোন বাণিজ্য সুবিধা পায় না। ফলে কার্যত এই জিএসপি সুবিধা বাতিলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি বাণিজ্যের ওপর কোন প্রভাব পড়বে না। তবে এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি সঙ্কটে পড়তে পারে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের ৯৭ ভাগ পণ্য এই সুবিধা পেলেও তৈরি পোশাকে এই সুবিধা নেই। আর তৈরি পোশাকই হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য। তাই যুক্তরাষ্ট্র থেকে রফতানি আয়ের মাত্র শতকরা শূন্য দশমিক ৫৪ ভাগ আসে জিএসপি সুবিধা থেকে, যার পরিমাণ ২০১২ সালে ছিল ২৬ মিলিয়ন মার্কিন ডলার। আর মোট রফতানি আয় ছিল ৪ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার। জিএসপি সুবিধা স্থগিত হলে ১৫ শতাংশ শুল্ক দিয়ে এসব পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হবে।

বাণিজ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, জিএসপি সুবিধায় রফতানি আয়ের পরিমাণ সামান্য হলেও ভয়ের বিষয় অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা সাময়িকভাবে স্থগিত করায় বাংলাদেশ সম্পর্কে বিশ্বে খারাপ ইঙ্গিত যাচ্ছে। এতে বাংলাদেশের একটি নেতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে পড়বে। প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে শ্রমিকদের অধিকার নেই। তাহলে এর প্রভাব পড়বে সবখানে। 

গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ভবন ধসে ১১২৯ শ্রমিক নিহত হন। এরপরই বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পাওয়া নিয়ে নতুন করে আলোচন শুরু হয়। ওই ঘটনার প্রায় দুই মাস পর নয় ডেমোক্র্যাট সিনেটর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ যেসব বাণিজ্যসুবিধা পেয়ে থাকে, তা স্থগিত রাখার জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠানের পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের অগ্রগতি হওয়ার আগ পর্যন্ত এ সুবিধা স্থগিত রাখার আহ্বান জানানো হয়।

এ প্রসঙ্গে সিনেটররা বলেছেন, বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করতে এবং সে দেশের পোশাক কারখানাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করাসহ শ্রম আইন সংশোধনের জন্য রোডম্যাপ তৈরি ও এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে আমরা ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি। 

২০০৭ সালে আমেরিকার শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন এএফএল-সিআইওর অভিযোগের ভিত্তিতে ওবামা প্রশাসন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। শ্রমিক অধিকার ইস্যুতে ছয় বছর আগে এএফএল-সিআইও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সিনেট কমিটিতে অভিযোগ দায়ের করে। এ অভিযোগ ইস্যুতে ইতোপূর্বে একাধিকবার শুনানি অনুষ্ঠিত হলেও যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। সম্প্রতি তাজরীন গার্মেন্টসে অগ্নিকা-ে শতাধিক শ্রমিক নিহত এবং সর্বশেষ রানা প্লাজা ধসের কারণে ১১২৯ শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এএফএল-সিআইও আবার নতুন করে অভিযোগ দায়ের করে। গত ৬ জুন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সিনেট কমিটিতে এ বিষয়ে চূড়ান্ত শুনানি হয়।
Read more…

জিএসপি বাতিলের সুপারিশ ৯ সিনেটরের

৬/২৬/২০১৩ ১১:৪৬:০০ PM |
কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) বন্ধ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছেন নয়জন সিনেটর।
ডেমোক্র্যাট দলের এই নয় সিনেটর মঙ্গলবার এক বিবৃতিতে বলেন,“আমরা বলেছি, বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত রাখা হোক এবং শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতির জন্য সময় বেঁধে দিয়ে একটি রূপরেখা দেয়া হোক।”
এমন একটি সময়ে তারা এই সুপারিশ করলেন, যখন বাংলাদেশের জিএসপি সুবিধার ভাগ্য নির্ধারণের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে এরইমধ্যে বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে শুনানি শেষ হয়েছে। কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনদেয এই সুবিধা বাতিলের জোরালো সুপারিশ করেছেন ওই শুনানিতে। চলতি মাসের শেষে এ বিষয়ে ওবামার সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের বেশ কিছু পণ্য জিএসপির আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেলেও এর মধ্যে তৈরি পোশাক নেই।
গ্লোকালওয়ার্কস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এই সুবিধার আওতায় বাংলাদেশের ব্যবসায়ীরা গতবছর সাড়ে তিন কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করেছেন, যাতে তারা শুল্ক ছাড় পেয়েছেন ২০ লাখ ডলারের মতো। আর ৪৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র সরকারকে শুল্প বাবদে দিয়েছেন ৭৩ কোটি ডলার। 
এই হিসাবে জিএসপি বাতিল হলে বাংলাদেশের অর্থনীতি হয়তো বড় ধরনের কোনো সঙ্কটে পড়বে না, তবে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হবে বলে বিশ্লেষকদের ধারণা। 
৭ জুন সিনেট কমিটির শুনানিতে সিনেটর রবার্ট মেনেনদেয বলেন, “এই সুবিধা প্রত্যাহার করা হলে বাংলাদেশের রপ্তানি খাতের ক্ষুদ্র একটি অংশই হয়তো ক্ষতিগ্রস্ত হবে। তবে জিএসপি বাতিল করা হলে বাংলাদেশ একটি জোরালো সংকেত পাবে যে, যুক্তরাষ্ট্র শ্রমিক অধিকারের সুরক্ষা এবং কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়।”
বাংলাদেশে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলোর আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন গত জানুয়ারিতে জিএসপি সুবিধার বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেয়। এ সুবিধার আওতায় বাংলাদেশের বেশ কিছু পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়।    
এ বিষয়ে শুনানির মধ্যেই গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
ভবন ধসের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছিলেন, এ ঘটনা জিএসপির শুনানিতে প্রভাব ফেলতে পারে।
Read more…

বিদেশি ঋণ অনুমোদন করেছে সায়হাম টেক্সটাইল

৬/২৫/২০১৩ ০১:০৬:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড কোম্পানির পরিচালানা পর্ষদ বিদেশি ঋণ অনুমোদন করেছে।
 
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট ১ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিদেশি ঋণ পাচ্ছে। যা ৪ দশমিক ২৫ শতাংশ সুদে ১৬ কিস্তিতে পরিশোধ করতে হবে। আরও জানা যায়, প্রতিষ্ঠানটি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের অপসোর ইউনিট থেকে এ ঋণ পাচ্ছে।
 
সায়হাম টেক্সটাইল কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এ ঋণ দিচ্ছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। বিনিয়োগ বোর্ড কোম্পানির এ ঋণ অনুমোদন করেছে।
Read more…

কর ফাঁকি রোধে অভিযানে নামছে এনবিআর ৫০ হাজার প্রতিষ্ঠান ও বাড়িমালিক চিহ্নিত

৬/২৫/২০১৩ ১২:৪৪:০০ PM |
শহরাঞ্চলে করযোগ্য আয় থাকার পরও দীর্ঘ সময় ধরে তা ফাঁকি দিচ্ছে, এমন প্রতিষ্ঠান ও বাড়িমালিকের তালিকা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে কর ফাঁকি দেয়া ৫০ হাজার প্রতিষ্ঠান ও বাড়িমালিককে শনাক্তও করা হয়েছে। আগামী অর্থবছরে এদের কাছ থেকে হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করছে এনবিআরের কর অনুবিভাগ।

গত জানুয়ারি থেকে ব্যক্তিপর্যায়ের করদাতাদের রাজস্ব ফাঁকি ধরতে মাঠে নামে এনবিআর। উদ্যোগ নেয়া হয় দুই ধরনের জরিপের (অভ্যন্তরীণ ও বহিঃ)। বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোনসহ সেবাদানকারী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেবাগ্রহীতার নানা তথ্য সংগ্রহ করা হয়। তথ্য নেয়া হয় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব থেকেও। প্রাপ্ত তথ্য এনবিআরের তথ্যভাণ্ডারের সঙ্গে যাচাই-বাছাই করে কর ফাঁকির তালিকা তৈরি করা হয়। পাশাপাশি স্থানীয় কর কার্যালয়গুলো সার্কেল কর্মকর্তাদের মাধ্যমে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি ও চট্টগ্রামের খুলশীতে বাড়ি-বাড়ি জরিপ পরিচালনা করে। একই সঙ্গে শপিংমলগুলোয়ও চলে বিশেষ অভিযান। সব মিলে ৫০ হাজার প্রতিষ্ঠান ও বাড়িমালিককে চিহ্নিত করা হয়, যাদের কোনো কর ফাইল ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই। এসব ব্যক্তিশ্রেণীর করদাতা বছরের পর বছর ২ লাখ টাকার বেশি আয় করছেন। এদের মধ্যে কারো কারো আয় কর প্রদানের সর্বোচ্চ স্তরে রয়েছে; কিন্তু তারা কোনো কর দিচ্ছেন না।

এনবিআরের হিসাব অনুযায়ী, সারা দেশে কয়েক লাখ বাড়িমালিক রয়েছেন, যারা করযোগ্য হওয়ার পরও সরকারের রাজস্ব ফাঁকি দেন। প্রাথমিক তালিকায় এমন ৩০ হাজার বাড়ি ও ২০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক রয়েছেন; যারা এ-যাবৎ কোনো কর পরিশোধ করেননি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামী ১ জুলাই থেকে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠান ও বাড়িমালিককে আয়কর বিবরণী জমা দিতে বলা হবে। বিবরণী অনুযায়ী সরকারের রাজস্ব পাওনা পরিশোধ না করলে মামলাসহ ব্যাংক হিসাব জব্দ করে কর আদায় করা হবে।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বণিক বার্তাকে বলেন, রাজস্ব বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে কর দিতে সক্ষম— এমন বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান শনাক্ত করা করা হচ্ছে। এরই মধ্যে ৫০ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। শিগগিরই এ সংখ্যা এক লাখে পৌঁছবে। সরকারের পাওনা আদায়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, করযোগ্য মানুষের একটি বড় অংশ সরকারের আয়ে অবদান রাখছে না। এদের করজালের আওতায় আনা গেলে জিডিপিতে করের অবদান ২ শতাংশ বেড়ে যাবে। এরই সূত্র ধরে রাজস্ব বিভাগ অব্যাহতভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়। দেশের সাত বিভাগীয় শহর, সিটি করপোরেশনসহ পৌরসভায় বাড়িমালিকদের করজালের আওতায় আনতে সক্রিয় হয় এনবিআর।

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের হিসাবমতে, ঢাকা ও চট্টগ্রামে কয়েক বছর ধরে গড়ে ২৫ হাজার ফ্ল্যাট হস্তান্তর করা হয়। এর বাইরেও রয়েছে ব্যক্তিমালিকানায় গড়ে ওঠা ফ্ল্যাট ও বাড়ি। সব মিলে সিটি করপোরেশন ও পৌরসভায় কয়েক লাখ ফ্ল্যাট ও বাড়িমালিক রয়েছেন। তবে রিহ্যাবের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান জানান, গত চার বছরে ২০ হাজারের মতো ফ্ল্যাট নিবন্ধন হয়েছে; যার বেশির ভাগ মালিকেরই টিআইএন রয়েছে।
এর আগেও অভিজাত এলাকায় বাড়ি-বাড়ি জরিপ পরিচালনার পদক্ষেপ নেয়া হলেও প্রভাবশালীদের চাপে পরবর্তী সময়ে তা বাতিল করা হয় উল্লেখ করে এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, রাজস্ব আহরণ বাড়াতে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।

এদিকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে উপজেলা ও ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় স্পট অ্যাসেসমেন্ট জোরদার করেছে এনবিআর। দেশের প্রায় ১০০টি স্থানে এ স্পট অ্যাসেসমেন্ট চলছে। সেখান থেকে আরো প্রায় অর্ধলাখ নতুন করদাতা খুঁজে বের করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মূলত ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর বাণিজ্যিক প্রতিষ্ঠান, অভিজাত দোকানের মালিকদের এ স্পট অ্যাসেসমেন্টের আওতায় আনার জন্য রাজস্ব বোর্ডের স্থানীয় কার্যালয়গুলোকে একটি তালিকা পাঠাতে বলা হয়েছে।

স্পট অ্যাসেসমেন্ট পদ্ধতিতে করাদাতাদের নিবন্ধন, আয় নিরূপণ ও আয়কর পরিশোধের জন্য তাত্ক্ষণিক সেবা দেয়া হবে। সংশ্লিষ্ট আয়কর কর্মকর্তারা করদাতাদের ব্যবস্যা কিংবা পেশাস্থলে হাজির হয়ে এ সেবা দেবেন। যেসব ব্যবসায়িক করদাতার মূলধন অনধিক ১০ লাখ টাকা, তাদের এর আওতায় আনা হবে। আর যেসব চিকিত্সক ও আইনজীবী অনধিক ১০ বছর পেশায় নিয়োজিত, তারা এ পদ্ধতির আওতায় রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে পারবেন। এ পদ্ধতির সুযোগ গ্রহণকারী করদাতারা পরবর্তী দুই বছর একই পরিমাণে কর দেয়ার সুযোগ পাবেন। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অ্যাসেসমেন্ট পরিচালনা করছেন। যেসব জায়গায় রাজস্ব বোর্ডের কোনো কার্যালয় নেই, সেখানে বিশেষ বুথ করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, ব্যবসার ক্ষেত্রে মূলধনের সীমা ৮ লাখ টাকা হলে সেক্ষেত্রে ২ হাজার টাকা আর ৮ থেকে ১০ লাখ টাকা হলে তাদের ৪ হাজার টাকা আয়কর দিতে হবে। অন্যদিকে চিকিত্সক ও আইনজীবীদের পাঁচ বছর পর্যন্ত ২ হাজার এবং পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা দিতে হবে।

Read more…

ADS